নভেম্বর ২১, ২০২৬, ০৯:৩১ পিএম
রংপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে রংপুর সেনানিবাসে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন।
মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতি ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরু হয়, যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়। তাঁর মতে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জাতীয় পর্যায়ের যেকোনো দুর্যোগ, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশ গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বলেও আলোকপাত করেন তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়, কাটানো হয় দিবসের কেক এবং পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন