শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পেল ইসি

জাতীয় ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৯:২১ পিএম

ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পেল ইসি

আসন্ন ইউপি নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।

সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার বিধি ৩২-এর উপ-বিধি ১ ও ২-এ এই বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

সংশোধিত বিধিমালার বিধি ৩২-এর উপ-বিধি ১ অনুযায়ী, এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, কোনো উৎস থেকে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত রিপোর্ট থেকে কমিশনের কাছে প্রতীয়মান হলে যে চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন অথবা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।

উপ-বিধি ২-এ বলা হয়েছে, উপ-বিধি ১-এর অধীন তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন যদি এ বিষয়ে সন্তুষ্ট হয় যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর নির্বাচনি এজেন্ট কিংবা তাঁর নির্দেশে অথবা তাঁর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দিয়ে ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।