নভেম্বর ২১, ২০২৬, ০৯:৩৫ পিএম
ঢাকার বারিধারার দেশ আর্ট গ্যালারিতে শুরু হয়েছে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি।
২১ নভেম্বর বিকেল ৫টায় উদ্বোধন হওয়া সাত দিনব্যাপী এই আয়োজন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটির আয়োজক পেপার রাইম এবং এতে অংশ নিচ্ছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ।
মানুষের প্রতিদিনের জীবন, স্মৃতি, অনুভূতি এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া বাস্তবতাকে ঘিরে সাজানো হয়েছে এই প্রদর্শনীর ভাবনা। আলো, শব্দ, স্মৃতি কিংবা ব্যক্তিগত অনুভবের প্রভাবে চারপাশের বাস্তবতা যে প্রতিনিয়ত বদলায়, কখনো স্পষ্ট বা খণ্ডিত হয়, আবার কখনো স্মৃতি ও কল্পনার সঙ্গে মিলে নতুন অর্থ তৈরি করে, সেই পরিবর্তনশীল অভিজ্ঞতাই নিজ নিজ শিল্পভাষায় তুলে ধরেছেন তাঁরা।
পাঁচ শিল্পীর কাজের ধরন আলাদা হলেও ভিত্তি একই। শিল্পী আলীর কাজে উজ্জ্বল রং, সিম্বলিজম ও বাস্তব-পরাবাস্তবের মিশেল রয়েছে। দিলরুবা হক কাজরীর চিত্রে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের অভিব্যক্তি ও কল্পনার জগৎ উঠে এসেছে। ইসরাত জাহান তুলে ধরেছেন আলো, প্রকৃতি ও দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্ত। মাহমুদা আসসাফরা মিম রং, ফর্ম ও অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে প্রকৃতিকে ভিন্ন দৃষ্টিতে দেখেছেন, আর ফারিন আহমেদের কাজে আলো, জল, নগরদৃশ্য ও প্রকৃতির বদলে যাওয়া রূপ বিশেষভাবে উপস্থিত।
শিল্পীদের মতে, শিল্প কেবল দৃশ্যমান বাস্তবতার প্রতিফলন নয়, বরং ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা বাস্তবতাকে নতুনভাবে গড়ে তোলে। তাই পাশাপাশি কাজ রাখলেও একক দৃশ্যভাষা তৈরির চেষ্টা না করে একই বাস্তবতাকে পাঁচটি আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ রাখা হয়েছে।
২২ থেকে ২৭ নভেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন