নভেম্বর ১৮, ২০২৬, ০৪:১১ পিএম
ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার আয়োজিত চার দিনব্যাপী ‘ফসওয়াল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’-এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১৩ জন কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক। ভারতের নয়াদিল্লিতে গত ১৫ থেকে ১৮ নভেম্বর এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। এবারের এই আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শতাধিক প্রথিতযশা কবি-লেখক অংশ নেন।
উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বিশিষ্ট লেখক ও অনুবাদকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ফকরুল আলম, ফরিদুর রহমান, কামরুল বাহার আরিফ, লোপা মমতাজ, আশরাফ জুয়েল, সৌম্য সালেক, নূরুল হক, যতন কুমার দেবনাথ, মোখলেস মুকুল, মুহাম্মদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নী, কাদের পলাশ এবং নূরে আলম পাটোয়ারী।
পদ্মশ্রীপ্রাপ্ত লেখক অজিত কউরের নেতৃত্বে প্রায় দুই দশক ধরে নিয়মিত এই উৎসব আয়োজিত হয়ে আসছে। নয়াদিল্লির একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচারে অনুষ্ঠিত ফসওয়াল সার্ক সাহিত্য উৎসবের এটি ছিল ৬৭তম আসর। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধীর নাতনি ড. তারা গান্ধী ভট্টাচার্য।
কবিতা, কথাসাহিত্য, শান্তি ও প্রত্যাশাসহ সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোট ছত্রিশটি পর্বে সাজানো হয়েছিল এই উৎসবের কার্যক্রম। এবারের ফেস্টিভ্যালের মূল প্রতিপাদ্য বা থিম ছিল ‘আর্থ ইজ আওয়ার অনলি হোম’ বা পৃথিবীই আমাদের একমাত্র গৃহ। উৎসবের শেষদিনে বিদেশি আমন্ত্রিত কবি-লেখকদের জন্য দিল্লির ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের বিশেষ ব্যবস্থা রাখা হয়।
চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চৌদ্দজন লেখককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে মর্যাদাপূর্ণ ‘ফসওয়াল লাইফটাইম সম্মাননা’ অর্জন করেছেন বাংলাদেশের প্রখ্যাত কবি, সম্পাদক ও অনুবাদক নূরুল হক। তার এই অর্জনে দেশের সাহিত্য অঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন