বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
অর্থনীতি ও বাণিজ্য

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে ৬০ লাখ ডলার বিনিয়োগের চুক্তি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৩:৫৫ পিএম

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে ৬০ লাখ ডলার বিনিয়োগের চুক্তি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীন যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এই কারখানায় বছরে ২৫ লাখ পিস পোশাক উৎপাদনের পাশাপাশি ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয় বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পুরোনো প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের পুরোনো জায়গায় নতুন এই কারখানাটি স্থাপন করা হবে। ২০২৪ সালের আগস্টে ওই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর বেপজা প্রচলিত নিয়মকানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনক্রমে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে এসব যন্ত্রপাতি ও অবকাঠামো কিনে নেয় জয়ফুল বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে কারখানার কার্যক্রম শুরু করবে এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে উৎপাদন শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

কারখানাটিতে বছরে ২৫ লাখ পিস উচ্চমানের তৈরি পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এসব পণ্যের মধ্যে থাকবে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম ও ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেট, পাফার পারকা এবং ফার আউটওয়্যার। উৎপাদিত এই পোশাকগুলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রধান বাজারে রপ্তানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটিকে স্বাগত জানান এবং বেপজার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ মানের সেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগী ও অংশীদারদের বেপজার অধীন অন্যান্য ইপিজেডেও বিনিয়োগের সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান।

অন্যদিকে, চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও। তিনি জানান, বিদ্যমান শিল্প অবকাঠামো ব্যবহার করে তারা কারখানার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এবং উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করবেন। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে সব কাজ শেষ করে উৎপাদনে যাওয়ার জোরালো আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।