নভেম্বর ১৮, ২০২৬, ০৩:৪৪ পিএম
কেউ ফিরেছেন চার দশক পর, কেউবা তিন দশক পর। কারও চুলে পাক ধরেছে, কারও মুখে স্পষ্ট বয়সের ছাপ। তবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে পা রাখতেই যেন তারা ফিরে পেয়েছেন তারুণ্যের সেই সোনালী দিনগুলো। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ—সব মিলিয়ে চবির হীরকজয়ন্তী উৎসব পরিণত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের এক আবেগঘন মিলনমেলায়।
ষাট বছরের পথচলা উদযাপনে বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে এক জায়গায় মিলেছে কয়েক প্রজন্মের শিক্ষার্থী। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চবি ক্যাম্পাস। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ খুঁজে ফিরেছেন পুরোনো বন্ধুদের, কেউ বা মেতেছেন স্মৃতিকাতর আলোচনায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, হীরকজয়ন্তীর এই উৎসবে প্রায় পাঁচ হাজার অ্যালামনাই অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দশকের প্রাক্তন শিক্ষার্থীরা। সময়ের ব্যবধানে অনেকেই কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, কেউ শিক্ষক হিসেবে, কেউ আবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা নানা পেশায় নিয়োজিত আছেন। জীবনের নানা ব্যস্ততা দূরে সরিয়ে তাদের অনেকেই ফিরে এসেছেন সেই পুরোনো চেনা ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয় জীবনের ক্লাস, হলের দিনগুলো, বন্ধুদের সঙ্গে আড্ডা ও শিক্ষকদের সান্নিধ্যের নানা স্মৃতিচারণ করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের কথায় ও গল্পে ক্যাম্পাসের পুরোনো দিনগুলো যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে।
স্মৃতিচারণ করতে গিয়ে বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের দিনগুলো ছিল জীবনের অন্যতম সেরা সময়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। মনে হচ্ছে আবারও সেই তারুণ্যের দিনগুলোতে ফিরে গেছি।
বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, অনেক বছর পর ক্যাম্পাসে এসে পুরোনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবকিছুই আজ খুব মনে পড়ছে। এই আয়োজন আমাদের সবাইকে মিলিত হওয়ার দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ষাট বছরের সেই ঐতিহাসিক পথচলাকে স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে এই হীরকজয়ন্তী উৎসব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন