নভেম্বর ১৭, ২০২৬, ০৬:২১ পিএম
ঢাকার সাভারে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন পর্তুগালের রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা, ডাচেস অব কোইমব্রা। মঙ্গলবার (১৭ নভেম্বর) তার এই সফর বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরকালে তার সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল। রাজকীয় অতিথি ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
সফরের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ডাচেস অব কোইমব্রার যৌথ অংশগ্রহণে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও তার প্রতিনিধি দলের সম্মানে একটি বিশেষ আনুষ্ঠানিক অধিবেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, এবং বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান ও আন্তর্জাতিক প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান। ডাচেস অব কোইমব্রা তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা প্রদান করা হয় এবং ডাচেস অব কোইমব্রা নিজে তার হাতে এ সম্মাননা তুলে দেন। একই সঙ্গে ড. সবুর খানকে বাংলাদেশে ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়।
এই সম্মাননা অর্জনের মাধ্যমে ড. মো. সবুর খান বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ রাজকীয় স্বীকৃতি লাভ করলেন।
রাজকীয় সফরের আরেকটি উল্লেখযোগ্য পর্বে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের নতুন স্থাপনা ‘কোজিনিয়া হেয়াল– দ্য রয়্যাল লাউঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিজ রয়্যাল হাইনেস মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, আন্তর্জাতিক রন্ধনশৈলী, খাদ্যসংস্কৃতি, আতিথেয়তা এবং পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ পর্তুগাল ও বাংলাদেশের ঐতিহ্য, খাদ্যসংস্কৃতি ও আতিথেয়তার মধ্যে একটি অর্থবহ সংযোগ তৈরির প্রতীক হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং বিশেষ সম্মাননা ও স্মারক উপহার বিনিময় করা হয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর স্যার আসিফ নিসার বাজওয়া, যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার ফারহান-খান ফারানি, গ্লোবাল ফেয়ার পে চার্টারের পাকিস্তানবিষয়ক মিডিয়া ও জনসংযোগ প্রধান মোহাম্মদ তাহির চৌধুরী, লন্ডন টি এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ শালিম মুকিত আবদুল, গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর মোহাম্মদ আজিজ-উর-রহমান, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ, জাবিন চৌধুরী, লায়লা মিশেল গুরমুখ এবং লন্ডন টি এক্সচেঞ্জের অন্যান্য প্রতিনিধিরা।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সম্পৃক্ততা সম্প্রসারণে কাজ করে আসা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পর্তুগালের রাজপরিবারের সদস্য ও আন্তর্জাতিক প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন