নভেম্বর ১৭, ২০২৬, ০৬:১২ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানে শহীদ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব স্মৃতিচিহ্ন যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগসহ অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন এখনো প্রদর্শনের বাইরে রয়েছে উল্লেখ করে তিনি এগুলোর সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি উত্থাপন করেন।
সংসদে সানজিদা ইয়াসমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম হওয়া ব্যক্তি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও শেষ স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। এসব স্মৃতিচিহ্নের মধ্যে শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগের মতো আবেগঘন ও ঐতিহাসিক নিদর্শন থাকলেও সবকিছু এখনো জাদুঘরে যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।
প্রদর্শনের বাইরে থাকা এসব স্মৃতিচিহ্ন আদৌ যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সানজিদা ইয়াসমিন মত দেন, এসব নিদর্শন কেবল শহীদ পরিবারের ব্যক্তিগত স্মৃতি নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই অত্যন্ত মূল্যবান ও ঐতিহাসিক সম্পদ হওয়ায় এগুলোর যথাযথ সংরক্ষণ ও দ্রুত প্রদর্শনের ব্যবস্থা নেওয়া জরুরি।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে জানান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটির উদ্বোধন হলেও এর সার্বিক কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সংগৃহীত সব স্মৃতিচিহ্নই জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানকে অন্যতম ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হিসেবে বিবেচনা করে বলেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব স্মৃতিচিহ্ন জাদুঘরে প্রদর্শন করা হবে। এ সময় প্রদর্শন থেকে বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা দেওয়ার জন্য সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনকে অনুরোধ জানান মন্ত্রী এবং তালিকা পেলে সেগুলো দ্রুত বিবেচনায় নিয়ে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলে সংসদকে আশ্বস্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন