মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
চাঁপাইনবাবগঞ্জ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ তদন্তের দাবিতে স্মারকলিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৫:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ তদন্তের দাবিতে স্মারকলিপি

ছবি : সংগ্রহীত

নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপি জমা দেয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ বা আয়াস-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের হাতে স্মারকলিপিটি তুলে দেন।

এ সময় আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি বেসরকারি সংস্থার সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে, যা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা গাককে কঠোর আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার জন্যই তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি ও রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন এবং শুসমিতা খানম ঐসীসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।