মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
জলবায়ু কূটনীতি

জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক তহবিল চাইল বাংলাদেশ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৪১ পিএম

জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক তহবিল চাইল বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নে অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তে তহবিল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাবসহ পরিবেশ সুরক্ষা ও প্রযুক্তি হস্তান্তরে সদস্যরাষ্ট্রগুলোর সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।

ফ্রম ইস্তাম্বুল টু আনতালিয়া: ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন শীর্ষক ওই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি অধিবেশনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অগ্রাধিকার, সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন করেন।

অধিবেশনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ অঙ্গীকার বাস্তবায়ন এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের প্রস্তাবে বলা হয়, ঝুঁকিপূর্ণ দেশগুলোর নিজস্ব চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুদানভিত্তিক ও সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে স্থানীয়ভাবে উপযোগী প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে কার্যকর সহযোগিতার প্রয়োজন তুলে ধরা হয়।

ডি-৮ দেশগুলোর জলবায়ু ও পরিবেশবিষয়ক কার্যক্রম এগিয়ে নিতে একটি পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ প্ল্যাটফর্মের আওতায় সদস্যরাষ্ট্রগুলোর মনোনীত বিশেষজ্ঞদের নিয়ে একটি কারিগরি দল গঠন এবং ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত এই রোডম্যাপে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করা, খাল পুনরুদ্ধার, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার।

পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং চক্রাকার অর্থনীতির বিকাশে সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো অধিবেশনে উপস্থাপন করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনায়ও ডি-৮ সদস্যরাষ্ট্রগুলোর যৌথ উদ্যোগের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, যেখানে বর্জ্য উৎপাদন কমানো, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি কম্পোস্ট, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে ব্যবহারযোগ্য উপকরণ পুনরুদ্ধারে যৌথ পরীক্ষামূলক প্রকল্প নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

জনস্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে অবশিষ্ট বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা মূল্যায়নের পাশাপাশি নিঃসরণ নিয়ন্ত্রণ এবং অনানুষ্ঠানিক বর্জ্যকর্মীদের জীবিকার সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

প্রস্তাবিত সহযোগিতা কার্যক্রম এগিয়ে নিতে ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সদস্যরাষ্ট্রগুলোকে কারিগরি দলে প্রতিনিধি মনোনয়নের আহ্বান জানানো হয়েছে এবং একই বছরের প্রথম প্রান্তিকে কর্মদলের প্রথম সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রস্তাবে লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। কপ৩১-পরবর্তী সময়েও সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জলবায়ু সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে, কার্যকর অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ উদ্যোগ ও পরিমাপযোগ্য ফলাফলের মাধ্যমে জলবায়ুবিষয়ক অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

অধিবেশনে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম এবং ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত সোহাইল মাহমুদসহ সদস্যরাষ্ট্রগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।