মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
ময়মনসিংহ সংবাদ

ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ৩৭ ঘণ্টা পর নিলেন স্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৪৮ পিএম

ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ৩৭ ঘণ্টা পর নিলেন স্ত্রী

ছবি : সংগ্রহীত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৭ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে নিয়ে গেছেন তার স্ত্রী মীম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে তিনি মরদেহ গ্রহণ করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক রুহুল আমীন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহত মেহেদীর স্ত্রী মীম আক্তারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত মেহেদীর খালাতো ভাই জিসান আহমেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে মেহেদীর মরদেহ মধ্য বাড়েরা এলাকায় নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। এলাকার পরিস্থিতি ভালো না থাকায় অন্য কোথাও মরদেহ দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বের হয়ে তারা বর্তমানে মাসকান্দা এলাকায় অবস্থান করছেন, তবে দাফনের জন্য মরদেহ নিয়ে কোথায় যাবেন সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামানকে (৩৫) তার মেয়ের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর সেদিন রাতেই মেহেদীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে মেহেদী হাসান। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি এবং নিহত মেহেদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এরপর থেকে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল।

এর আগে সোমবার সন্ধ্যায় মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন মর্গে এসে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। সে সময় পুলিশ তাদের থানায় যোগাযোগ করতে বললেও পরে তারা আর যোগাযোগ করেননি এবং নিজেদের নাম-পরিচয় বা ফোন নম্বরও দিয়ে যাননি।