মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
জাতীয় সংসদ

ই-বাংলাদেশ পার্লামেন্ট প্রকল্প তিন বছরে শেষ করার সিদ্ধান্ত, উপকমিটি গঠন

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৫২ পিএম

ই-বাংলাদেশ পার্লামেন্ট প্রকল্প তিন বছরে শেষ করার সিদ্ধান্ত, উপকমিটি গঠন

সংসদীয় কার্যক্রমকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে গৃহীত ই-বাংলাদেশ পার্লামেন্ট প্রকল্প আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। একইসঙ্গে প্রকল্পটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ই-বাংলাদেশ পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে তিনি উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং পরে পূর্ববর্তী সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে কমিটিকে বিস্তারিত অবহিত করা হয়।

বৈঠকে প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন এবং আওতাভুক্ত কাজগুলোর সুষ্ঠু বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি এবং কমিটির পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। আগের দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও তা পরিবর্তন করে কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দ্রুত দরপত্র আহ্বান এবং তিন বছর মেয়াদে প্রকল্পের সব কার্যক্রম শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও মানদণ্ড বিবেচনায় নিয়ে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান প্রণয়নের জন্য গঠিত তিন সদস্যের উপকমিটিতে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জ। প্রকল্প সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এই উপকমিটিকে।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ অংশ নেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।