মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
জাতিসংঘ নেতৃত্ব

জাতিসংঘ মহাসচিব নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৬:২৮ পিএম

জাতিসংঘ মহাসচিব নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান

জাতিসংঘ মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক ভোটগুলোতে অন্য প্রার্থীদের তুলনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর অন্তত একটির বিরোধিতার কারণে শীর্ষ এই পদে তার চূড়ান্ত মনোনয়ন এখনো অনিশ্চয়তার মুখে রয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া জোরদার হয়েছে। আটজন প্রার্থীর এই প্রতিদ্বন্দ্বিতায় ৭০ বছর বয়সী গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি হবেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব।

বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রিনস্প্যান।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো একটি দেশের ভেটো তার প্রার্থিতা আটকে দিতে পারে। অনানুষ্ঠানিক ভোট বা স্ট্র পোল গোপন ব্যালটে অনুষ্ঠিত হওয়ায় কোন দেশ তার বিরোধিতা করছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায় করতে না পারলে তার শীর্ষ পদে আসীন হওয়ার পথ কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

কূটনৈতিক অভিজ্ঞতাই গ্রিনস্প্যানের প্রধান শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি সচল রাখতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই চুক্তির আওতায় এক বছরে প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি হয়েছিল। তবে পরবর্তীতে চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সমালোচনা করায় মস্কোর পক্ষ থেকে ভেটো আসার আশঙ্কা তৈরি হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়েও তার অবস্থান আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। পোলিশ ইহুদি শরণার্থী পরিবারের সন্তান গ্রিনস্প্যান গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তার নেতৃত্বে আঙ্কটাডের প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনি অর্থনীতির ওপর ইসরায়েলি দখলদারত্ব ও বিধিনিষেধের নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রার্থী হওয়ায় ট্রাম্প প্রশাসনকে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে আশ্বস্ত করাই হবে গ্রিনস্প্যানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্প বরাবরই জাতিসংঘের কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন, তাই সংস্থাটি সংস্কারে গ্রিনস্প্যানের পরিকল্পনা ওয়াশিংটনের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হয়, তার ওপরই তার প্রার্থিতার ভাগ্য অনেকাংশে নির্ভর করছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে রেবেকা গ্রিনস্প্যান বলেছেন, জাতিসংঘকে আরও সাহসী হতে হবে এবং পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। কূটনৈতিক আলোচনায় একাধিক উদ্যোগ ব্যর্থ হলেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা কখনোই থামানো যাবে না বলে তিনি মন্তব্য করেন। তথ্যসূত্র: আল জাজিরা