মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
পোশাক খাত অস্থিরতা

তৈরি পোশাক খাত অস্থির করার চেষ্টা চলছে বলে অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৩৫ পিএম

তৈরি পোশাক খাত অস্থির করার চেষ্টা চলছে বলে অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে এবং দেশে বিরাজমান গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে প্রতিমন্ত্রী সতর্ক করেন।

তিনি জানান, দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে, সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে তা দেখা হচ্ছে, তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই মন্তব্য করে শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে তিনি জানান।