মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
জাতীয় সংসদ

নদী ড্রেজিংয়ে ১৫ বছরে ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার: নৌমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৫০ পিএম

নদী ড্রেজিংয়ে ১৫ বছরে ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার: নৌমন্ত্রী

২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে নদী ড্রেজিংয়ের রাজস্ব খাতে সরকার প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

সংসদে দেওয়া উত্তরে নৌপরিবহনমন্ত্রী জানান, ওই ১৫ অর্থবছরে ড্রেজিংয়ের রাজস্ব খাতে মোট বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুযায়ী প্রতিবছর গড়ে প্রায় ১০৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের অর্থ দিয়ে সংরক্ষণ ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করায় সংশ্লিষ্ট নৌপথগুলোতে যাত্রীসাধারণ সরাসরি সুফল ভোগ করছেন।

সংরক্ষণ ড্রেজিংয়ের কারণে দেশের গুরুত্বপূর্ণ বহু নৌপথ ও ফেরিরুট বর্তমানে সচল রয়েছে।

শেখ রবিউল আলম জানান, সচল থাকা গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে রয়েছে আরিচা-কাজিরহাট-বাঘাবাড়ি, পটুয়াখালী-গলাচিপা, মৌলভীরহাট-চর দুর্গাপুর, ঢাকা-ঘোষেরহাট, বরিশাল-ভোলা, ঢাকা-ধুলিয়া-নুরাইনপুর-কালাইয়া-নাজিরপুর, টেকেরঘাট-মোকশেদপুর এবং তুরাগ নদীর গাবতলী সেতু থেকে ধলেশ্বরী নদীর মুখ পর্যন্ত নৌপথ।

এ ছাড়া মেগাই-নাটুয়ারপারা, গোপালপুর-মৈনটঘাট, ইলিশা-মজুচৌধুরীর হাট, সন্দ্বীপ-কুমিরা-বাঁশবাড়িয়া, চেয়ারম্যানঘাট-ভাসানচর, খুলনা-নোয়াপাড়া এবং মোহনগঞ্জ-জাঞ্জাইল নৌপথ ও ফেরিরুটও ড্রেজিংয়ের ফলে সচল রয়েছে বলে জানান মন্ত্রী।

নবীনগর ও গোপালপুর লঞ্চঘাটসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখতেও নিয়মিত সংরক্ষণ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংসদে জানান নৌপরিবহনমন্ত্রী।