সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ চবি ছাত্রদল নেতাকে শোকজ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৩:২৭ পিএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ চবি ছাত্রদল নেতাকে শোকজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মতো গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বশীল পদে থেকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এর আগে রোববার রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে একটি স্ট্যাটাস দেন সাজ্জাদ হোসেন হৃদয়। সেখানে তিনি লেখেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যেসব রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তার অধিকাংশ আন্দোলনই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কারণে তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছেন বলে পোস্টে উল্লেখ করেন। মূল পোস্টের মন্তব্যের ঘরে তিনি এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আরও একটি দীর্ঘ বিশ্লেষণ যুক্ত করেন।

সেখানে তিনি উল্লেখ করেন যে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানির খুচরা মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি রয়েছে। মার্চ মাস থেকে বিশ্ববাজারে তেলের ঊর্ধ্বগতি শুরু হলেও সাধারণ জনগণের সুবিধার কথা বিবেচনা করে সরকার এতদিন দাম না বাড়িয়ে কম রাখার নীতি বজায় রেখেছিল। এর ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা আর্থিক লোকসান গুনতে হয়েছে। 

বিশ্ববাজারে পরিস্থিতি স্থিতিশীল হলে অভ্যন্তরীণ বাজারেও তেলের দাম আবার কমে আসবে বলে তিনি সেই মন্তব্যে আশাবাদ জানিয়েছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারির পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি জানান, দলীয় সংগঠনের নীতি ও নেতৃত্বের প্রতি তিনি পুরোপুরি অনুগত। কেন্দ্রীয় সংসদ কর্তৃক নির্ধারিত সময়সীমার ভেতরেই নয়াপল্টন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি শোকজের যথাযথ লিখিত জবাব দাখিল করবেন।