মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
শিক্ষক নিয়োগ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশবঞ্চিতদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৭:১০ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশবঞ্চিতদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হলেই এই নিয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। ওই পরীক্ষা শেষ হওয়ার পরপরই ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০ জনেরও বেশি প্রার্থীর নিয়োগ সুপারিশের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, আসন্ন নবম শিক্ষক নিয়োগ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সম্পন্ন করা হবে, যেখানে আগের মতো নিবন্ধন সনদ না দিয়ে পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে। এ কারণে নতুন নিয়োগ কার্যক্রম শুরুর আগেই ১৮তম নিবন্ধনধারীদের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি সুপারিশবঞ্চিত প্রার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের সময় প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হলেই তাদের নিয়োগের ব্যবস্থা নিতে এনটিআরসিএকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে নিয়োগ সুপারিশ কিংবা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।