নভেম্বর ১৭, ২০২৬, ০৭:৩২ পিএম
বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) পদ্ধতির সম্প্রসারণ, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের ব্যাপক উদ্যোগ হাতে নিয়েছে সরকার। পরিবেশদূষণ কমানো, প্রাকৃতিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত সফলভাবে মোকাবিলা করতেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) আয়োজনে ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস : বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬–২০৩০’ শীর্ষক সাইড ইভেন্টে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড. সাইমুম পারভেজ বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন হ্রাস এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদের অপচয় রোধে থ্রি আর পদ্ধতির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণ অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সরকারের বৃক্ষরোপণ ও নদী খনন প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগ সবুজ আচ্ছাদন বৃদ্ধি, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার এবং পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এসব কার্যক্রম দেশের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে কার্যকর অবদান রাখবে।
অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে উপস্থাপন করা হয়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেসকো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী।
আলোচনায় আরও অংশ নেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের কো-চেয়ার প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট প্যাক্ট অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ান ক্লাওয়ার্স। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক পরিচালক সুজিত হাওলাদার এবং প্রশাসন ও অর্থবিষয়ক সহকারী পরিচালক মো. ইউসুফ মেহেদীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন