মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
শ্রমিকদের ন্যায্য মজুরি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বললেন শ্রমিকদের ন্যায্য মজুরিতে সরকার পিছপা হয়নি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৭:২৪ পিএম

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বললেন শ্রমিকদের ন্যায্য মজুরিতে সরকার পিছপা হয়নি

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশ অনুযায়ী তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে এবং বর্তমান সরকার সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করবেন এটাই স্বাভাবিক মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, দেশে গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে এবং পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা তাদের দাবি জানাবেন, মালিকপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং আলোচনার মধ্য দিয়েই একটি মজুরি কাঠামো নির্ধারিত হবে।

বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা জরুরি।

শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জোনায়েদ সাকি প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, তাই এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না উল্লেখ করে তিনি আরও বলেন, অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, আবারও এমন চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।