সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:০৭ পিএম
সিলিকন ভ্যালিতে এআই ফ্যাশন এখন নতুন উন্মাদনা তৈরি করেছে। ল্যাপটপ ব্যাগ আর সাদামাটা জিন্স পরা সফটওয়্যার প্রকৌশলীদের চেনা ছবি বদলে দিয়ে ওপেনএআই, অ্যানথ্রপিক ও পারপ্লেক্সিটির মতো শতকোটি ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলো এখন বাজারে নিয়ে এসেছে নিজেদের ক্যাজুয়াল পোশাক। জটিল কোডিং ও অ্যালগরিদমের সীমা ছাড়িয়ে এই টেক জায়ান্টরা এখন রীতিমতো লাইফস্টাইল ও স্ট্রিটওয়্যারের ব্যবসায় মন দিচ্ছে।
বাজারে আসামাত্রই এসব পোশাক নিমিষে বিক্রি হয়ে যাচ্ছে। অ্যানথ্রপিকের `Thinking` লেখা বেসবল ক্যাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পারপ্লেক্সিটির `Curious` লেখা কর্ডুরয় কলার জ্যাকেট, কোহিয়ারের `Stacking Stones` টি-শার্ট কিংবা ওপেনএআই-এর হাফ-জিপ সোয়েটশার্ট টেক কর্মীদের কাছে নতুন প্রতীক হয়ে উঠেছে। প্রযুক্তি খাতের তরুণ কর্মী ও প্রকৌশলীরা নিজেদের এই আধুনিক বিপ্লবের অংশ প্রমাণ করতেই পোশাকগুলো পরছেন। লন্ডনের একাধিক তরুণ ইঞ্জিনিয়ারের মতে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি এক ধরনের আন্তর্জাতিক ক্লাবের সদস্য হওয়ার অহংকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোশাক পরা ছবি দিয়ে অংশগ্রহণ জানান দিচ্ছেন প্রযুক্তিপ্রেমীরা।
বাইরে সাধারণ সুতি পোশাক মনে হলেও এর পেছনে গভীর ব্যবসায়িক ও মনস্তাত্ত্বিক কৌশল রয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকদের অভিমত। সামরিক বাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তি, কপিরাইট লঙ্ঘন এবং সাধারণ মানুষের চাকরি হারানোর ভয়ে বিশ্বের বহু দেশে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। গ্যালাপের মতো সংস্থার জরিপেও দেখা গেছে, অধিকাংশ মানুষ এআই-কে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন। এই নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে নিজেদের সাধারণ মানুষের কাছে মানবিক ও বন্ধুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতেই নরম সুতি কাপড়ের পোশাককে বেছে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। স্যামসাং বা অ্যাপলের ধারায় নিজেদের একটি লাইফস্টাইল ব্র্যান্ড বানানোর চেষ্টা স্পষ্ট।
পোশাক ডিজাইনার ও ফ্যাশন সমালোচকদের একটি অংশ এই উদ্যোগের তীব্র সমালোচনা করছেন। তাদের দাবি, এআই সফটওয়্যার যেমন ইন্টারনেটের তথ্য ঘেঁটে তৈরি হয়, এসব পোশাকও নামীদামি ব্র্যান্ডের নকশা অনুকরণ করে বানানো। এতে নিজস্ব শিল্পকলা বা মৌলিক কোনো কারুকাজ নেই। কেউ কেউ একে বিশেষ প্রযুক্তি গোষ্ঠীর প্রভাব বিস্তারের নির্দিষ্ট পোশাক হিসেবেও অভিহিত করছেন। তবে নানা সমালোচনা সত্ত্বেও সিলিকন ভ্যালির কর্মীরা সুতি কাপড়ের আবরণে এআই ট্রেন্ডকে লুফে নিচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন