বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
চিকিৎসা সফলতা

সংকটাপন্ন অবস্থায় রামেক হাসপাতালে নতুন জীবন পেলেন হৃদরোগী কাজল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৪:২০ পিএম

সংকটাপন্ন অবস্থায় রামেক হাসপাতালে নতুন জীবন পেলেন হৃদরোগী কাজল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর কার্ডিওজেনিক শকে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পিসিআই বা জরুরি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে হাসপাতালের একদল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এই সফল চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

চিকিৎসা গ্রহণের সময় ওই রোগীর রক্তচাপ বিপজ্জনকভাবে কমে মাত্র ৬০/৪০ মিমি পারদে নেমে গিয়েছিল। তবে সময়মতো সঠিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। গত বুধবার দুপুরে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সুস্থ হয়ে ওঠা রোগীর নাম কাজল (৫৫)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ধূমপান এবং উচ্চ রক্তচাপের দীর্ঘদিনের সমস্যা ছিল তার হৃদরোগের প্রধান ঝুঁকির কারণ। হাসপাতালে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা আগে হঠাৎ করেই তার তীব্র বুকব্যথা শুরু হয়।

হাসপাতালে ভর্তি করার পর জরুরি পরীক্ষা-নিরীক্ষায় তার অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত করা হয়। এ সময় তিনি কার্ডিওজেনিক শকে আক্রান্ত ছিলেন, যার ফলে তার রক্তচাপ মারাত্মকভাবে কমে ৬০/৪০ মিমি পারদে পৌঁছায়। চিকিৎসকদের মতে, এ ধরনের অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা না পেলে রোগীর জীবনহানির চরম আশঙ্কা থাকে।

এই জরুরি পরিস্থিতিতে রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিন্দুমাত্র কালক্ষেপণ না করে রোগীকে সরাসরি ক্যাথল্যাবে নেওয়ার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল এবং ডা. রাশেদসহ একদল দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলে সফলভাবে প্রাইমারি পিসিআই সম্পন্ন করেন। এই বিশেষ চিকিৎসা প্রক্রিয়ায় রোগীর বন্ধ হয়ে যাওয়া রক্তনালিতে রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য এনজিওপ্লাস্টির মাধ্যমে রিং বা স্টেন্ট স্থাপন করা হয়।

চিকিৎসকদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সফল প্রাইমারি পিসিআই সম্পন্ন হওয়ার পর রোগীর শারীরিক অবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটেছে। তার রক্তচাপ বৃদ্ধি পেয়ে বর্তমানে স্বাভাবিক মাত্রা ১২৫/৮০ মিমি পারদে উন্নীত হয়েছে। পাশাপাশি তিনি সম্পূর্ণ বুকব্যথামুক্ত রয়েছেন এবং তার সার্বিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।