বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

কৃষিক্ষেত্রে সাফল্য ও খাদ্যঘাটতি কাটানোর কৃতিত্ব কৃষক-গবেষকদের: রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৪:৩২ পিএম

কৃষিক্ষেত্রে সাফল্য ও খাদ্যঘাটতি কাটানোর কৃতিত্ব কৃষক-গবেষকদের: রাষ্ট্রপতি

বাংলাদেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্যঘাটতি নেই দেশে।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পরপর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি। সে সময় দেশে খাদ্যশস্যের বিশাল ঘাটতি থাকলেও বর্তমানে কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে দেশ। সামগ্রিকভাবে এখন আর খাদ্যশস্যের ঘাটতি নেই। এর কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।

সাক্ষাৎকালে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।