নভেম্বর ১৯, ২০২৬, ০৩:৪৫ পিএম
পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে অনেকটা প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে উপস্থিত হন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা হেল্প ডেস্কের পাশের একটি চেয়ারের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখেন দপ্তরের কর্মচারীরা। ভোরের দিকে কে বা কারা সেটি সেখানে রেখে যায় বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
স্থানীয় বাসিন্দা ও কার্যালয়ে আসা লোকজনের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, সকাল ৯টার দিকে তাঁদের কর্মীরা লাল টেপে পেঁচানো ছোট আকারের বস্তুটি দেখতে পান। আপাতদৃষ্টিতে এটিকে টিফিন বাটির মতো মনে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশ এ বিষয়ে অবহিত রয়েছে বলে জানান জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। তাঁর ভাষ্য, বস্তুটি উদ্ধার ও পরীক্ষা করতে বিশেষ করে বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি। আপাতত বস্তুটি বালুর মধ্যে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন