শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা, সোনাগাজীতে হুঁশিয়ারি পরিবেশমন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৮:১৪ পিএম

শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা, সোনাগাজীতে হুঁশিয়ারি পরিবেশমন্ত্রীর

দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার বিকেলে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এই সতর্কবার্তা দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি ওই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সরকার কাজ করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।

অতীতে একটি রাজনৈতিক দল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেফতার ও নানা ধরনের জুলুমের কারণে জনগণের মধ্যে ওই দলের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী দিনরাত দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করছেন বলে জানান পরিবেশমন্ত্রী। সরকার দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ চলছে। ভবিষ্যতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারাও বক্তব্য দেন। বক্তব্যদাতাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

তথ্যসূত্র: জাগো নিউজ