নভেম্বর ২১, ২০২৬, ০৮:২৫ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র না বানানোর অবস্থানেই তেহরানকে দেখতে চায় চীন ও রাশিয়া।
দেশ দুটি ইরানের বর্তমান পারমাণবিক নীতি পরিবর্তনেরও বিরোধী।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই সাক্ষাৎকারে আরাগচি ইরান ডেইলিকে বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে এবং তারা তেহরানের পারমাণবিক নীতি বদলানোর বিরোধিতা করছে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, সরকারিভাবেও এই অবস্থান বহাল রয়েছে।
তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছানোয় উদ্বেগ বাড়ছে।
আন্তর্জাতিক মহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে। তেহরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনে বাধা দিয়েছে এবং বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সমৃদ্ধ করা ওই ইউরেনিয়ামের শান্তিপূর্ণ ব্যবহারের সুযোগ নেই।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর ইরানের ভেতরে পারমাণবিক নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ওই যুদ্ধে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বড় হামলা চালানো হয়। এর পর রাজনৈতিক মহলের একাংশ পারমাণবিক নীতি পরিবর্তনের পক্ষে মত দিয়েছে, কারণ তাদের মতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলে শত্রুপক্ষের হামলা ঠেকানো সহজ হবে।
সাক্ষাৎকারে আরাগচি জানান, বিষয়টি নিয়ে ইরানের রাজনৈতিক মহলে দুই ধরনের মত রয়েছে। অনেকে বর্তমান নীতি বজায় রাখার পক্ষে এবং নীতি পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন, আবার কেউ কেউ নীতি বদলানোর পক্ষে মত দিচ্ছেন। দুই পক্ষেরই নিজস্ব যুক্তি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এখন পর্যন্ত ইরানের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং সরকারি অবস্থান আগের মতোই আছে বলে জানিয়েছেন আব্বাস আরাগচি।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন