রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানি হামলার শঙ্কায় সেনা ঘাঁটিতে

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ১১:০৩ এএম

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানি হামলার শঙ্কায় সেনা ঘাঁটিতে

ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্কট বেসেন্টের ব্যক্তিগত বাড়িটি ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় অবস্থিত। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে এক কোটি ২৫ লাখ মার্কিন ডলারে ওই বিলাসবহুল বাসভবনটি কেনেন তিনি। তখন মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বাড়িটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল।

ঘটনাটি সম্পর্কে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানান, ওয়াল স্ট্রিট জার্নালে ছবি ছাপা হওয়ার পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। গোয়েন্দা সূত্রে মার্কিন কর্মকর্তারা জানতে পারেন যে ইরান তার বাড়ির অবস্থান শনাক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর পরপরই বেসেন্টকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। সিএনবিসিকে ওই কর্মকর্তা বলেন, ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে নিরাপত্তার খাতিরেই অর্থমন্ত্রীকে সামরিক ঘাঁটিতে সরে যেতে হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ক্রমবর্ধমান ইরানি হুমকির এই সময়ে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

কতদিন ধরে এবং কোন সামরিক ঘাঁটিতে তিনি অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে নিজের বাড়ির বাইরে রয়েছেন স্কট বেসেন্ট।

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অর্থনৈতিক অভিযান অপারেশন ইকোনমিক আউটকাস্টের নেতৃত্ব দিচ্ছেন স্কট বেসেন্ট। গত ২৪ আগস্ট শুরু হওয়া এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সামরিক পদক্ষেপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা।

ট্রেজারি বিভাগের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, ইরানি শাসকের হুমকির মুখে বেসেন্ট পিছু হটবেন না। ওই মুখপাত্র আরও বলেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখার ক্ষেত্রে তিনি অবিচল রয়েছেন, যার সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে।