অক্টোবর ১১, ২০২৬, ১১:০৪ এএম
ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প. রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতা করতে রাজি এমন কাউকে ইউক্রেনের নতুন নেতা হিসেবে প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি. এই লক্ষ্যে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের পরামর্শ দিয়েছেন ট্রাম্প.
শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি পরামর্শ দেবেন যেন তারা এমন একজন নতুন নেতা নির্বাচন করেন, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন. কিন্তু কোনো এক কারণে জেলেনস্কি তা করেন না বলে মন্তব্য করেন তিনি.
এদিকে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করে ট্রাম্প জানান, এসব হামলার কারণে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়েছে. দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য নিয়ে চাপের মুখে রয়েছেন তিনি. এর আগে রাশিয়া থেকে ডিজেল কেনার একটি চুক্তির কথাও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট. ট্রাম্পের দাবি, জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন. তার কথায়, ইউক্রেন তার ভূখণ্ডের ৩০ শতাংশ হারিয়েছে এবং দুই পক্ষ মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন.
ট্রাম্প আরও বলেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ শুরু হতো না এবং এ যুদ্ধের পেছনে অদক্ষতা দায়ী. এদিকে ট্রাম্পের মন্তব্যের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, দেশের নেতৃত্ব কে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইউক্রেনের জনগণের রয়েছে.

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন