নভেম্বর ২৩, ২০২৬, ০৫:০০ পিএম
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠান হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান।
২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ওই ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেওয়া হয়। পদকপ্রাপ্তদের মধ্যে সাত জন সেনাবাহিনী পদক, চার জন অসামান্য সেবা পদক এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা তুলে ধরা হয়। পাশাপাশি শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন