নভেম্বর ২৫, ২০২৬, ০৫:১৭ পিএম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
অপরাধে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বেসরকারি খাতসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক। একই সঙ্গে তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বলেন, প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় দেশে বেকারত্ব বাড়ছে।
জনসংখ্যার অনুপাতে পুলিশ সদস্যের সংখ্যা অপ্রতুল জানিয়ে তিনি পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এজন্য দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
তাসকীন আহমেদ বলেন, চলমান শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার কারণে উৎপাদনমুখী শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি বন্ধে হটলাইন চালু করার পাশাপাশি শিল্প ও ব্যবসাপ্রধান এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান ঢাকা চেম্বার সভাপতি। এ ছাড়া সাইবার নিরাপত্তা, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের সাইবার অপরাধ ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন