নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৪৫ পিএম
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিতব্য ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলা ২০২৬’-এর সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
তারা মেলার বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ও আয়োজনের প্রস্তুতি ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন পরিদর্শনে আসা এই চার কর্মকর্তা।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে। পাশাপাশি সচেতনতামূলক নানা কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, সংগীতানুষ্ঠান, রেসেপি প্রতিযোগিতা ও বিভিন্ন প্রদর্শনীর মতো কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী এ বছর প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করার বিধান রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক প্রদান করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন