নভেম্বর ২৫, ২০২৬, ০৬:১৪ পিএম
চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ এবং বাংলাদেশসহ আরও ১৫টি আলাদা দেশের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। এই তদন্ত শেষে আজ বুধবার (২৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।
মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব দেশ অতিরিক্ত পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে পণ্য সয়লাব করে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব পণ্য ও অভ্যন্তরীণ উৎপাদনের জন্য সরাসরি হুমকি তৈরি করছে।
বিশ্বব্যাপী আবারও বাণিজ্যিক যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই সম্ভাব্য ঘোষণার ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হবে এবং এর প্রভাব সব জায়গায় পড়বে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ আগে চুক্তি করেছিল, সেগুলোর ভিত্তিতেই নতুন শুল্কহার নির্ধারণ করা হবে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক বা পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশ মার্কিন পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে, যার প্রেক্ষিতে তিনি পাল্টা এই পদক্ষেপ নিয়েছেন। পরবর্তীতে সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করে শুল্কহার কিছুটা কমিয়ে আনে।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত সেই শুল্ক বাতিল ঘোষণা করে। আদালতের ওই রায়ের পরই শুল্ক পুনরায় কার্যকর করতে মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ ধারার আওতায় শুল্ক আরোপিত দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা। তারা স্পষ্ট জানিয়ে দেন, যেসব দেশ চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছিল। ওই চুক্তির পর বাংলাদেশি রপ্তানি পণ্যে মার্কিন শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।
নতুন করে যেসব দেশ ও জোটের ওপর মার্কিন শুল্ক আরোপ হতে যাচ্ছে, সেই তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন