নভেম্বর ২৫, ২০২৬, ০৮:১৫ পিএম
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এই গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয় এবং পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
গণমিছিলে অংশ নেওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন স্লোগানে চুয়াডাঙ্গা শহরের রাজপথ মুখর করে তোলেন।
চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীর পরিচালনায় ও ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাবেক জেলা ছাত্রদল নেতা নাঈম হাসান ও মাসুদ রানা, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সবুজ মিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন