নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৩২ পিএম
শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার প্রত্যর্পণের এই অনুরোধ প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে জয়সওয়াল ওই মন্তব্য করেন। ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশ সরকার বলেছে, কেবল ভারতই তাকে প্রত্যর্পণ করতে পারবে।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
সৈয়দ মোজাম্মেল আলীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন। এ ছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই বসবাস করছেন।
শেখ হাসিনার দেশে ফেরার এই প্রস্তাব বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার বলেছে, দেশে প্রবেশের পরপরই তাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো একই আইনের আওতায় তার বিচার চলবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেছেন, তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে ইচ্ছুক।
ঢাকা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত থেকে তার প্রত্যর্পণ চেয়ে আসছে। বিষয়টি দুই দেশের মধ্যে টানাপোড়েনেরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স, নিউজ১৮

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন