বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

১৬৭ বছরের রিম্যান সমস্যার সমাধানের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৩৪ পিএম

১৬৭ বছরের রিম্যান সমস্যার সমাধানের দাবি

গণিতের সমীকরণের দৃশ্য | ছবি: সংগৃহীত

গণিতের সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত সমস্যার সমাধান মিলেছে বলে দাবি করেছেন এক গণিতবিদ - তাও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। ১৬৭ বছর ধরে অমীমাংসিত রিম্যান হাইপোথিসিসের প্রমাণ হাজির করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে।

শুক্রবার (২০ নভেম্বর) আলপোগে তাঁর ওয়েবসাইটে এই দাবি জানান। তিনি জানিয়েছেন, অ্যানথ্রপিকের এআই মডেল ক্লডের সঙ্গে প্রায় ছয় সপ্তাহ ধরে কাজ করে প্রমাণটি তৈরি হয়েছে। যাচাইয়ে ব্যবহার করা হয়েছে লিন নামের সফটওয়্যার, যা গাণিতিক যুক্তিকে কোডে রূপ দিয়ে প্রতিটি ধাপের সঠিকতা যাচাই করে।

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বের্নহার্ড রিম্যান এই অনুমান দেন। মৌলিক সংখ্যাগুলো আপাতদৃষ্টিতে এলোমেলো মনে হলেও তাদের অবস্থানের পেছনে লুকানো শৃঙ্খলা রয়েছে - এটাই এর মূল কথা। সমস্যাটি সহস্রাব্দ পুরস্কারের তালিকায় রয়েছে।

পরদিন দুটি স্বাধীন গবেষক দল জানায়, লিন কোড যাচাই করে প্রমাণটি সঠিক বলে তাদের পূর্ণ আস্থা রয়েছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডও কোডটি সফলভাবে চলার বিষয়টি নিশ্চিত করেছেন। আলপোগের দাবি, তিনি মূল সমস্যার পাশাপাশি এর সাধারণ রূপ জেনারেলাইজড রিম্যান হাইপোথিসিসেরও প্রমাণ দিয়েছেন।

তবে সবাই নিশ্চিত নন। অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ম্যাথমেটিকস বলেছে, কোনো মানুষ একা এই প্রমাণের দায় দাবি করতে পারে না এবং পূর্ণ নিশ্চয়তায় তা সঠিক বলাও কারও পক্ষে সম্ভব নয়। গণিত সম্প্রদায় এখনো প্রমাণটি বোঝার প্রক্রিয়ায় রয়েছে; এর তাৎক্ষণিক বাস্তব প্রয়োগও নেই বলে জানানো হয়েছে।

তথ্যসূত্র: সায়েন্টিফিক আমেরিকান ও সায়েন্স নিউজ