বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

ঋণ অ্যাপের ফাঁদে ব্ল্যাকমেল, বাড়ছে ভুক্তভোগীর হার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৪০ পিএম

ঋণ অ্যাপের ফাঁদে ব্ল্যাকমেল, বাড়ছে ভুক্তভোগীর হার

ভুয়া অ্যাপ থেকে সতর্ক থাকুন

মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করার কিছুক্ষণের মধ্যেই হিসাবে জমা হলো ১ হাজার ৬২৫ টাকা। পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে ফোন করে জানানো হলো, অ্যাপ থেকে ঋণ নেওয়া হয়েছে, সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ টাকা। দিতে অস্বীকার করতেই শুরু হলো গালিগালাজ, আর ব্যক্তিগত ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকি।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের তথ্যে উঠে এসেছে এমন প্রতারণা ও ব্ল্যাকমেলের ব্যাপক চিত্র। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সেখানে সাইবার অপরাধের ১ হাজার ৯৫৭টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানি, ব্ল্যাকমেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ ৭১৩টি, যা মোট অভিযোগের ৩৬ দশমিক ৪৩ শতাংশ।

অভিযোগগুলোর মধ্যে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানির অভিযোগ ১৯৮টি, ব্ল্যাকমেলের ১৬৬টি এবং অপপ্রচার ও মানহানির ৩৪৯টি। এ ছাড়া ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার ৫৬টি, মিথ্যা পরিচয়ে প্রতারণার ৯২টি, সেবা বা পণ্য বিক্রির নামে প্রতারণার ৮৮টি এবং চাকরির নামে প্রতারণার ৪১টি অভিযোগ রয়েছে। হানিট্র্যাপসহ আরও কয়েকটি গুরুতর অপরাধের অভিযোগ আলাদাভাবে তালিকাভুক্ত হয়েছে ৯৫টি।

ছবি আর তথ্যেই জিম্মি

রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম) সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন। কিছুক্ষণ পর তাঁর আর্থিক সেবার হিসাবে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা। কেউ ভুল করে টাকা পাঠিয়েছেন ভেবে তিনি বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি করেননি। পাঁচ দিন পর হোয়াটসঅ্যাপে ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, অ্যাপ থেকে ঋণ নিয়েছেন জবা, সুদসহ সেই টাকা এখন ২ হাজার ৫০০ টাকা হয়েছে।

ঋণ নেওয়ার কথা অস্বীকার করতেই শুরু হয় গালিগালাজ। তাঁর ব্যক্তিগত তথ্য দেখিয়ে হুমকি দেওয়া হয়, তাঁকে ও তাঁর মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে, ফেসবুকে যুক্ত থাকা ব্যক্তিদের কাছে পাঠানো হবে তাঁদের আপত্তিকর ছবি ও তথ্য। তখন জবা বুঝতে পারেন, তাঁর ও পরিবারের সদস্যদের ছবি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে একটি চক্র। চলতি বছরের এপ্রিলে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। পরে পুলিশ তদন্তে নেমে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়। অন্য একটি তদন্তাধীন মামলায় চক্রটির কয়েকজন সদস্য গ্রেপ্তার হয়েছেন।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলির (ছদ্মনাম) ক্ষেত্রেও ব্যক্তিগত ছবি ব্যবহার করে হয়রানির ঘটনা ঘটেছে। সম্প্রতি পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এরপর শ্বশুরবাড়ির লোকজনসহ স্বজনদের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত ছবি পাঠানো শুরু হয়। এতে দুই পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, এমনকি তাঁর সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়।

বেলি বলেন, বিভিন্নজনের কাছে পাঠানো ছবি দেখে তিনি বুঝতে পারেন, এগুলো পাঠাচ্ছেন তাঁর পরিচিত একজন। ওই ব্যক্তির সঙ্গে একসময় তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বারবার অনুরোধ করার পরও তিনি ছবি পাঠানো বন্ধ করেননি, বরং ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে পুলিশের সহযোগিতা চান বেলি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং আইনি ব্যবস্থা ও সম্ভাব্য পরিণতি সম্পর্কে তাঁকে সতর্ক করেন। পুলিশের এই তৎপরতার পর ওই যুবক হয়রানি বন্ধ করেন।

প্রতারণার নানা ফাঁদ

‍‍`সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন‍‍` নামে ফেসবুকে একটি ভুয়া পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রচার চালানো হয়। রাজধানীর কলাবাগান এলাকার এক বাসিন্দা ওই পোস্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। তাঁকে অস্বাভাবিক ছাড়ে পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়। পরে পণ্যের অগ্রিম মূল্য পাঠাতে বলা হলে তিনি আর্থিক সেবার মাধ্যমে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরগুলোয় যোগাযোগের চেষ্টা করেও আর সাড়া পাননি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী দেলোয়ার হোসেনের (১৯) মুঠোফোন ২৫ আগস্ট রাতে হঠাৎ আপডেট হতে থাকে। এরই মধ্যে তাঁর আর্থিক সেবার হিসাব থেকে ৬ হাজার ৯০০ টাকা অন্য একটি নম্বরে চলে যায়। এর মধ্যে ৯০০ টাকা ঋণ হিসেবে নেওয়া হয়। অথচ দেলোয়ার হোসেন কোনো ওটিপি পাননি, কাউকে পিন নম্বরও জানাননি, এমনকি টাকা লেনদেনের কোনো সতর্কবার্তাও তাঁর কাছে আসেননি। পরে এ ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, মামলা করতে গেলে পুলিশ তাঁর অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে। পরে তদন্ত না হওয়ায় আবার মামলা করতে যান। কিন্তু মামলা না নিয়ে নানা কথা বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরিচিত একজনের সহযোগিতা চাইলে তিনি জানান, মামলা ও তদন্তের প্রক্রিয়া দীর্ঘ, এতে অনেক খরচ হতে পারে, টাকা উদ্ধারের সম্ভাবনাও কম। এ কারণে এরপর আর আইনি প্রক্রিয়ায় এগোননি তিনি।

প্রতিকার চেয়েও পাচ্ছেন না অনেকে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ বিভাগ) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ব্যবহারকারীর অসচেতনতায়ই সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে। অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চাইলেও আইনি পদক্ষেপ নিতে চান না, তাঁরা শুধু টাকা উদ্ধার কিংবা মানহানিকর কনটেন্ট মুছে দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে ভুক্তভোগীরা মামলা ও সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির তুলনায় মামলার সংখ্যা অনেক কম। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগের সংখ্যা দিয়ে প্রকৃত ভুক্তভোগীর চিত্র বোঝা যায় না। অনেকেই সামাজিক সম্মানহানি, হয়রানি কিংবা আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার আশঙ্কায় অভিযোগ করতে চান না।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্বল পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া পরিচয় ও হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে না পারাও এর অন্যতম কারণ। দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা গেলে অপরাধ কমত।

তিনি আরও বলেন, ভুক্তভোগীদের আতঙ্কিত না হয়ে ব্ল্যাকমেলকারীর দাবি পূরণ করা থেকে বিরত থাকতে হবে। প্রমাণ হিসেবে স্ক্রিনশট ও লিংক সংরক্ষণ করতে হবে এবং দ্রুত পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারে অভিযোগ জানাতে হবে। অনলাইনে আর্থিক লেনদেনের আগে প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করতে হবে, অপরিচিত কাউকে অগ্রিম টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়ায় অনেক ভুক্তভোগী মামলা করেন না, আর অপরাধীরা এই সুযোগ নিচ্ছে। বড় অঙ্কের অর্থের পরিবর্তে ছোট ছোট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াকে তাঁরা তুলনামূলক নিরাপদ কৌশল হিসেবে নিয়েছেন। প্রায় সব সাইবার অপরাধী অন্যের নামে খোলা আর্থিক সেবার হিসাব এবং অন্যের নামে নিবন্ধিত মুঠোফোন নম্বর ব্যবহার করে, ফলে তদন্তের একপর্যায়ে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে যায়।