বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

৫ হাজার কোটি ইউরোর প্রযুক্তি তহবিল ইউরোপের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:১৪ পিএম

৫ হাজার কোটি ইউরোর প্রযুক্তি তহবিল ইউরোপের

কোয়ান্টাম কম্পিউটারের দৃশ্য | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়া ঠেকাতে ৫ হাজার কোটি ইউরোর বিশাল তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে কোয়ান্টাম প্রযুক্তিতে বিশ্বের শীর্ষে পৌঁছানো।

বুধবার (২৫ নভেম্বর) ব্রাসেলসে খসড়া কোয়ান্টাম আইনের অংশ হিসেবে এই সভরেইন টেক ইক্যুইটি ফান্ডের প্রস্তাব করা হয়। তহবিলে কমিশন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও সদস্য দেশগুলোর অর্থের সঙ্গে বেসরকারি বিনিয়োগও টানার পরিকল্পনা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি কমিশনার হেনা ভিরকুনেন বলেন, "আমরা একটি তহবিল গড়তে চাই, যার লক্ষ্যমাত্রা এখন ৫ হাজার কোটি ইউরো।"

তিনি জানান, ইউরোপের কোয়ান্টাম স্টার্টআপগুলো বিশ্বের বেসরকারি তহবিলের মাত্র ৫ শতাংশ পায়; যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ।

তহবিলটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে। খসড়া আইনে সরকারি ক্রয়ে ইউরোপীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার, নতুন গবেষণা প্রতিষ্ঠান গঠন ও কোয়ান্টাম-প্রতিরোধী এনক্রিপশনে রূপান্তরের কথাও রয়েছে।

খসড়াটি আইনে পরিণত হতে সদস্য দেশ ও ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আগামী মাসগুলোতে আলোচনা প্রয়োজন। তহবিলের বিস্তারিত ফেব্রুয়ারিতে তুলে ধরার কথা রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স