বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
নিম্নতম মজুরি বোর্ড

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের পঞ্চম সভা বৃহস্পতিবার

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৮:০৬ পিএম

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের পঞ্চম সভা বৃহস্পতিবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই সভা শুরু হবে এবং এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে মঙ্গলবার ২৪ নভেম্বর বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা।

বোর্ডের আলোচনায় সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। সেখানে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেড-১-এ নিম্নতম মজুরি সাড়ে ২১ হাজার টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বনিম্ন গ্রেড-৪-এর বিষয়ে বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর সেই গ্রেডের কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে সে ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা এর সঙ্গে সমন্বয় করা হবে।

সোমবার ২৩ নভেম্বর দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি দিতে চেয়েছিল ১৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করেছিল।

তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এবং পরে উভয়পক্ষই নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হন।

গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।