নভেম্বর ২২, ২০২৬, ০১:৫৭ পিএম
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এ সভা বসবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আলোচ্যসূচিতে রাখা হয়েছে দুটি বিষয়।
একটি হলো গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। অন্যটি হলো এই শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা। সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বোর্ড।
সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ১৬ নভেম্বর সকাল ১১টায় সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়, যে সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিল।
গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ। তবে মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চাইলে বোর্ড থেকে চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, আর নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন