বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
নতুন মোটরসাইকেল

Honda Hornet 2.0: নতুন ফিচারে দাম ২ লাখ ৮৯ হাজার টাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১২:৪৯ পিএম

Honda Hornet 2.0: নতুন ফিচারে দাম ২ লাখ ৮৯ হাজার টাকা

নতুন হরনেট ২.০। ছবি: বিডি হোন্ডা

আধুনিক প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা ফিচারের সমন্বয়ে নতুন Honda Hornet 2.0 বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। মাসকিউলার স্ট্রিটফাইটার ডিজাইনের এই মোটরসাইকেলটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানে নতুন মডেলটি উন্মোচন করা হয়। হোন্ডা প্রথম হরনেট নামটি বাজারে আনে ১৯৯৬ সালে, আর হরনেট ২.০ বাংলাদেশের সড়কে চলছে ২০২৪ সাল থেকে। নতুন সংস্করণে আগের স্ট্রিটফাইটার লুক ধরে রেখে যুক্ত হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি ও উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা।
বাইকটিতে রয়েছে ১৮৪ দশমিক ৪ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন, যা ৮ হাজার ৫০০ আরপিএমে ১৬ দশমিক ৬ পিএস পাওয়ার এবং ৬ হাজার আরপিএমে ১৫ দশমিক ১ এনএম টর্ক উৎপন্ন করে। জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি এই ইঞ্জিনে থ্রটল রেসপন্স দ্রুত ও মসৃণ, সব আবহাওয়ায় সহজে স্টার্ট নেয় এবং নির্গমনও কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিরাপত্তায় সবচেয়ে বড় সংযোজন হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল বা এইচএসটিসি। পিচ্ছিল বা ভেজা রাস্তায় পেছনের চাকা পিছলে গেলে এই প্রযুক্তি ইঞ্জিনের টর্ক কমিয়ে গ্রিপ ধরে রাখতে সাহায্য করে। এর সঙ্গে রয়েছে বশের ডুয়েল চ্যানেল এবিএস, যা হঠাৎ ব্রেকে দুই চাকাই লক হওয়া ঠেকায়। অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচে লিভার টানতে কম জোর লাগে এবং দ্রুত গিয়ার নামানোর সময় পেছনের চাকা লক হওয়ার ঝুঁকি কমে।
নতুন রঙিন টিএফটি মিটারে এক নজরে দেখা যায় গিয়ার পজিশন, রিয়েল টাইম মাইলেজ ও অবশিষ্ট জ্বালানিতে কত দূর যাওয়া যাবে। মিটারে রয়েছে তিন ধাপের উজ্জ্বলতা ও দুটি থিম। পথে ফোন চার্জের জন্য রয়েছে ১৫ ওয়াটের টাইপ সি চার্জিং পোর্ট। হেডল্যাম্প, ব্লিংকার ও এক্স আকৃতির টেইল ল্যাম্পসহ পুরো বাইকেই এলইডি আলো, সঙ্গে জরুরি ব্রেকে পেছনের যানবাহনকে সতর্ক করার ইমার্জেন্সি স্টপ সিগন্যাল।
ডিজাইনে মাসকিউলার ট্যাংকের ওপর নতুন গ্রাফিক্স, থ্রিডি এমব্লেম ও ট্যাংকে চাবি দেওয়ার ব্যবস্থা বাইকটিকে আলাদা চেহারা দিয়েছে। স্পোর্টি স্প্লিট সিট, ছোট মাফলার ও অ্যারোডায়নামিক আন্ডার কাউল সেই লুক আরও ধারালো করেছে। শোয়া ব্র্যান্ডের গোল্ডেন ইউএসডি ফ্রন্ট ফর্ক ও ১৪০ মিলিমিটার চওড়া পেছনের টায়ার স্থিতিশীলতা বাড়িয়েছে। সামনে ২৭৬ মিলিমিটার ও পেছনে ২২০ মিলিমিটার পেটাল ডিস্ক ব্রেক, মনোশক রিয়ার সাসপেনশন, ১ হাজার ৩৬০ মিলিমিটার হুইলবেস ও ১৭০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের সঙ্গে ইঞ্জিন কাট অফ সুইচ ও ইঞ্জিন স্টপ সুইচও আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, হোন্ডার "দ্য পাওয়ার অব ড্রিমস" দর্শনে অনুপ্রাণিত হয়ে তারা মানুষের জীবন সমৃদ্ধ করে এমন চলাচলের মাধ্যম দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন হরনেট ২.০ স্বতন্ত্র স্টাইলিং, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের রাইডারদের বদলে যাওয়া প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশা করেন। নিরাপদ ও দায়িত্বশীল রাইডিং সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।
প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, হরনেটের রাইডাররা তরুণ, সক্রিয় ও সবসময় চলমান। নতুন টিএফটি মিটারে মাইলেজ ও অবশিষ্ট জ্বালানিতে চলার দূরত্ব দেখা যায়। ডুয়েল চ্যানেল এবিএস ও এইচএসটিসি পিচ্ছিল রাস্তা ও হঠাৎ থামার সময় বাড়তি নিয়ন্ত্রণ দেয়। নতুন গ্রাফিক্স ও এলইডি আলো বাইকটিকে সবার নজরে আনবে বলেও তিনি মন্তব্য করেন।
নতুন হরনেট ২.০ পাওয়া যাবে তিনটি রঙে - রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও পার্ল ইগনিয়াস ব্ল্যাক। এখন থেকে দেশজুড়ে হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমগুলোতে বাইকটি পাওয়া যাচ্ছে।