নভেম্বর ২৬, ২০২৬, ১২:২৪ পিএম
সিলেটে ছিন্নমূল ও অসহায় শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি। সংগঠনটির অন্নছায়া প্রজেক্টের আওতায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় সিলেট নগরীর কানিশাইল এলাকায় সজীব মিয়ার কলোনি সংলগ্ন সূর্যমুখী পাঠশালায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন ছিন্নমূল ও অসহায় শিশুর হাতে বিনামূল্যে খাবার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান, উপদেষ্টা উৎফল বড়ুয়া ও প্রশান্ত লিটন এবং সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুহিবুর রহমান শুয়াইব। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর উপ-সম্পাদক তারিকুল ইসলাম যাওহার, তথ্যপ্রযুক্তি সেলের সদস্য আজিজ রানা হারুন, সদস্য আহমেদ মারজান, রাবেয়া বেগম ও ইফতেখারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এছাড়া সূর্যমুখী পাঠশালার প্রতিষ্ঠাতা রুহেল আহমদসহ পাঠশালার শিক্ষকেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই অন্নছায়া প্রজেক্টের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এসব শিশুর কল্যাণে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
উপদেষ্টারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো কার্যক্রম শিশুদের মাঝে আশার আলো জাগিয়ে তুলবে এবং তাদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। সংগঠনটির এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

শিশুদের কল্যাণ, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অন্নছায়া প্রজেক্টের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন