বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
সাংগঠনিক সিদ্ধান্ত

বগুড়া বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বহিষ্কার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১১:২০ এএম

বগুড়া বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বহিষ্কার

বগুড়া রেলস্টেশন। ছবি: উইকিমিডিয়া কমন্স

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এই ভিত্তিতে মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, অভিযোগ ওঠার পর প্রথমে মিজানুর রহমান মিজানকে কারণ দর্শাতে বলা হয়েছিল। তার ভিত্তিতে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর বগুড়া আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামকে হাজির করা হলে সেখানে তার সঙ্গে মিজানুর রহমান মিজানকে কথা বলতে দেখা যায়। তবে তাদের সাক্ষাতের কারণ কিংবা আলোচনার বিষয় জানা যায়নি।

আদালতে যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাৎ ও পরে দল থেকে বহিষ্কারের এই ঘটনায় বগুড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।