নভেম্বর ২৬, ২০২৬, ১০:৪০ এএম
মিস ইউনিভার্সের ৭৫তম আসরের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। বিবাহিত নারী ও সন্তানের মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের ইতিহাসে এই প্রথম কোনো নারী এই সম্মান পেলেন। নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে এই জয় উদযাপন করলেন ২৭ বছর বয়সী এই মনোবিজ্ঞানী ও সমাজকর্মী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে বসে গ্র্যান্ড ফিনালের আসর। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হয় মূল আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ প্রতিযোগী অংশ নেন এবারের প্রতিযোগিতায়।
জাঁকজমকপূর্ণ ফিনালে
চূড়ান্ত পর্বে একে একে সব ধাপ পেরিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা। বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস আর মঞ্চে উপস্থিতি দিয়ে নিজেদের যোগ্যতা তুলে ধরেন তাঁরা। সব বিবেচনায় শেষ পর্যন্ত সেরা নির্বাচিত হন জেনিফার বারেত্তো।
বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। ভেনেজুয়েলার জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি শীর্ষক মুকুটটিতে ৩ হাজার ১৫০টি হীরা খচিত রয়েছে।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি আর চতুর্থ রানারআপ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
জমকালো এই চূড়ান্ত পর্বটি যৌথভাবে উপস্থাপনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জুরি হল এবং মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।
পুয়ের্তো রিকোর ষষ্ঠ মুকুট
জেনিফার বারেত্তোর এই জয়ে ২০ বছর পর আবারও বিশ্বসুন্দরীর খেতাব পেল পুয়ের্তো রিকো। দেশটির ইতিহাসে এটি ষষ্ঠ মুকুট। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই সম্মান অর্জন করেন।
নিয়ম বদলের পর প্রথম
দীর্ঘদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে হলে অবিবাহিত হতে হতো। ২০২৩ সালে নিয়মে পরিবর্তন এনে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই পরিবর্তনের পর প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার বারেত্তো।
কে এই জেনিফার বারেত্তো
সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে জেনিফার বারেত্তো জাতীয় মুকুট জিতেছিলেন কাগুয়াসের সেন্ট্রো দে বেলাস আর্তেসে। তাঁর পথচলা শুরু হয়েছিল একেবারে নতুনভাবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এর মাত্র চার মাসের মাথায় জিতে নেন জাতীয় খেতাব।
ছোটবেলায় মায়ের সঙ্গে বসে মিস ইউনিভার্স দেখতেন জেনিফার বারেত্তো। তখন থেকেই এই প্রতিযোগিতাকে তিনি নারীদের অলিম্পিক বলে মনে করেন। মায়াগুয়েজে জন্ম নেওয়া এই নারী বেড়ে উঠেছেন ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায়। ভলিবল খেলতে ভালোবাসেন তিনি। বেড়ে ওঠায় দাদার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জেনিফার বারেত্তো।
মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করার পাশাপাশি ক্লিনিক্যাল সমাজকর্মেও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মার্কিন সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কর্মজীবন শুরু করেন জেনিফার বারেত্তো। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তার পাশাপাশি সেনাসদস্যদের পরিবারের কল্যাণে কাজ করেছেন তিনি। বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত রয়েছেন জেনিফার বারেত্তো।
জাতীয় প্রতিযোগিতার আগে প্রায় ৩২ কেজি ওজন কমিয়েছিলেন জেনিফার বারেত্তো। প্রস্তুতির শুরুতেই খাদ্যাভ্যাস ঠিক করে নেওয়ায় প্রতিযোগিতার সময় প্রিয় খাবার উপভোগ করতে পেরেছিলেন তিনি। জাতীয় পোশাক পর্বে তিনি পরেছিলেন দ্বীপের লজ্জাবতী গাছ মরিভিভি থেকে অনুপ্রাণিত পোশাক। চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে তাঁকে জানতে চাওয়া হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনে আরও গভীরভাবে জড়িয়ে পড়ার সময় মানুষের কোন মানবিক মূল্যবোধ ধরে রাখা উচিত।
পরিবার ও স্বপ্ন
ব্যক্তিজীবনে জেনিফার বারেত্তো বিবাহিত এবং এক কন্যাসন্তানের মা। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেত্তো মার্কিন সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত। তাঁদের মেয়ের নাম পেনেলোপে, বয়স সাত বছর।
জাতীয় মুকুট জয়ের পর এক সাক্ষাৎকারে জেনিফার বারেত্তো বলেছিলেন, প্রতিযোগিতার শুরুতে তিনি যে নারী ছিলেন, এখন আর সেই নারী নেই। নতুন অভিজ্ঞতা গ্রহণ আর সেসবের মধ্য দিয়ে নিজের উত্তরাধিকার গড়ে তোলার আনন্দেই তিনি এই প্রতিযোগিতায় এসেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের পুয়ের্তো রিকোর আতিথেয়তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জেনিফার বারেত্তো। ভক্তরা ভালোবেসে তাঁকে ডাকেন লা বারেত্তো নামে।
বাংলাদেশের মাহি
বাংলাদেশ থেকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।
মিস ইউনিভার্সের মুকুট পাওয়ার পর জেনিফার বারেত্তোর সামনে এখন নতুন দায়িত্ব। এই মঞ্চ কাজে লাগিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও মানসিক সুস্থতা নিয়ে কাজের পরিধি আরও বাড়াতে চান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন