নভেম্বর ২৬, ২০২৬, ০৩:০০ পিএম
সিলেটের মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেরোসিন ঢেলে দেওয়া এই আগুনে অফিসের দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে মোগলাবাজার থানা এলাকার একটি দোতলা ভবনে এই ঘটনা ঘটে। ভবনটির দোতলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় অবস্থিত। স্থানীয়রা টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
পুলিশ জানিয়েছে, প্রথমে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আগুন দেওয়া হয়। পরে দোতলায় থাকা গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়েও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিসের দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের আশপাশের কিছু অংশ।
জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত ১৫ নভেম্বর ভোররাতে নগরের শাহজালাল উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। সেবার অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে ঢুকে কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়।
উপশহরের ঘটনায় কার্যালয়ের জরুরি কাগজপত্র পুড়ে যায় এবং জোনাল কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পাহারাদারের ফোন পেয়ে জোনাল কর্মকর্তা আবুল হোসেন কয়েকজন কর্মচারী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।
১১ দিনের ব্যবধানে একই ব্যাংকের দুটি কার্যালয়ে আগুনের ঘটনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন