নভেম্বর ২৬, ২০২৬, ০২:৩৮ পিএম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনের প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এই সপ্তাহের আয়োজন করেছে। আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।
মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তরা আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্যপদক পেয়েছেন। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দলবেঁধে ছবি তোলেন। গরু পালন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিউটি ছাগলের খামারের মালিক বিউটি বেগমও পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন। প্রধানমন্ত্রী পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, যেখানে খাতের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার নমুনা তুলে ধরা হয়েছে।
মেলায় দুগ্ধ ও পোলট্রি শিল্প, পশুস্বাস্থ্য ও ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা প্রাণিজ খাবারের পুষ্টিগুণ, মূল্য সংযোজন, নিরাপদ খাদ্য উৎপাদন ও রপ্তানিযোগ্য পণ্যের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন। সপ্তাহজুড়ে প্রাণিসম্পদ প্রদর্শনী, খাদ্য উৎসব, রোড র্যালি, রেসিপি প্রতিযোগিতা, র্যাম্প শো ও ভ্রাম্যমাণ প্রচারের আয়োজন রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে সেমিনারেরও আয়োজন করবে।
প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেওয়া, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য সামনে রেখে এবারের সপ্তাহ পালিত হচ্ছে।
এই সপ্তাহ শুরুর আগে গত মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছিলেন, আগামী দুই থেকে চার বছরের মধ্যে বাংলাদেশ ছাগল ও মুরগির মাংস রপ্তানি শুরু করবে। উচ্চমানের মূল্য সংযোজিত পণ্য হিসেবে এসব মাংস রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে গরুর মাংস রপ্তানি হয় না। তবে গরুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ রপ্তানি হয়, চীন ও কোরিয়াসহ বিভিন্ন দেশে যার ভালো চাহিদা ও বাজারমূল্য রয়েছে। আন্তর্জাতিক আইনে বাংলাদেশে মাংস আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলেও জানান তিনি। চাহিদা থাকলে গরু কিংবা ভেড়ার মাংস আমদানি করা যাবে। বর্তমানে সীমিত পরিসরে বিদেশি মাংস আমদানি হচ্ছে, বিশেষ করে পাঁচ তারকা হোটেল ও উচ্চমূল্যের রেস্তোরাঁয় আমদানি করা বিফ স্টেক পাওয়া যায়।
মন্ত্রী আরও বলেন, মানসম্মত মাংস উৎপাদনের জন্য মানসম্মত ফিড দরকার। আগামী দিনে সব ধরনের ফুডের মান নিয়ন্ত্রণ করবে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। ফিডের দাম নিয়ন্ত্রণে সরকার সিরিয়াসভাবে কাজ করছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন