বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
প্রত্যর্পণেই ফিরতে হবে

শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৪৩ পিএম

শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বক্তব্যরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশে ফিরতে হলে তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গেও তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়। তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁর দেশে ফেরা সম্ভব বলে জানান তিনি।

তিনি বলেন, "শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‍‍`শেখ আসবে না‍‍`।" দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরে অথবা কড়া নজরদারির মধ্য দিয়েই আসতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনা বর্তমানে ভারতের জন্যও অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে বলে ভারত উপলব্ধি করতে পারছে বলে জানান তিনি।

পরিস্থিতি বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাঁকে বের করাও যাচ্ছে না, আবার তাঁর আচরণ সহ্যও করতে হচ্ছে, তাহলে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।

ভারতের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ওই বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেকটি নীতি রয়েছে। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন বলে মন্তব্য করেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণের অনুরোধের বিষয়টিকে আলাদা করে দেখেছে ভারত। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুটি বিষয় আলাদা করে দেখার মধ্যে বোঝার কোনো অসুবিধা নেই। একটি হচ্ছে সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াত, আরেকটি হচ্ছে অপরাধীদের প্রত্যর্পণ।

তিনি আরও বলেন, ডিসেম্বরে আর কেউ আসবে না, ডিসেম্বরে একমাত্র শীত আসবে। সাংবাদিকদের শীতের প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেন তিনি।

এর আগে খবর এসেছিল, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এ বিষয়ে জানতে চাইলে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, তাঁর ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরেই ফিরতে হবে বলে জানিয়েছিলেন তিনি।

সরকারের অবস্থান, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।