বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
প্রশাসনের নতুন ঠিকানা

বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৩০ পিএম

বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

সভায় বক্তব্যরত প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্থাপন করা হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে গত বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি জারি হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এবং বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রিসভার আলোচনার পরিপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে গত ১৬ নভেম্বর একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

প্রস্তুতির অগ্রগতি ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই নতুন সচিবালয়ে অফিস করার লক্ষ্যে শিগগির কাজ শুরু করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় চিন্তা করা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রখ্যাত স্থপতি লুই আই কানের স্থাপত্য ঐতিহ্য বজায় রেখে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৩০ থেকে ৩৩ লাখ বর্গফুট আয়তনের নতুন সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ১২ থেকে ১৪ তলাবিশিষ্ট একাধিক ভবন, বেজমেন্ট এবং কয়েক হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে।

উল্লেখ্য, রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে ৮টির অবস্থাই বেশ নাজুক বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। এগুলোর অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭ দশমিক ৫৭ একর জায়গায় মোট ১৩টি ভবন আছে। তার মধ্যে ৮টি ভবন স্বাধীনতা-পূর্বকালে নির্মিত। সচিবালয়ের পুরোনো ১ ও ২, ৩ ও ৮ নম্বর ভবনগুলো ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত হওয়ায় ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি।

ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ওই স্থাপনাগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারযোগ্য পর্যাপ্ত জায়গা না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। ভবনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ওয়াশ-ব্লক নেই। ধারণক্ষমতার বেশি সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ভবনগুলো ব্যবহার করায় স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না।

বিদ্যমান বাংলাদেশ সচিবালয়ে মোট অফিসের জায়গা প্রায় ১৮ দশমিক ৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অফিসের জায়গার চাহিদা এবং সচিবালয়ের কমপাউন্ডের বাইরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের স্থান সংকুলানের জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি অফিসের জায়গা প্রয়োজন।

তবে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের সরকারি সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, জমিটি মূলত বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা ও সম্প্রসারণের জন্য নির্ধারিত ছিল। দীর্ঘদিন বাণিজ্য মেলার জন্য ব্যবহৃত হলেও জমিটি এখন স্থায়ীভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে।

এ দাবিতে অক্টোবর ও নভেম্বরে তারা একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন ও আপত্তি সত্ত্বেও সরকার প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় রয়েছে।

সরকারের নীতিনির্ধারকদের মতে, আবদুল গনি রোডের বর্তমান সচিবালয়ের ভবনগুলো অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এবং প্রশাসনিক কাজের গতিশীলতা ও যানজট নিরসনে আধুনিক ও নিরাপদ সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলা অপরিহার্য।