নভেম্বর ২৬, ২০২৬, ০৭:০৮ পিএম
এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান এমন শিক্ষকদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। তিনি বলেন, আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না। এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে।
ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিং করলে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী, তাই দায়িত্ব পালন বাদ দিয়ে যখন-তখন মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া থেকে তাঁদের বিরত থাকতে হবে।
লেখাপড়ায় দুর্নীতি ও নকল আর চলবে না বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে, পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে, এবার লেখাপড়া করতে হবে। পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইচএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি, আগামী দিনেও প্রশ্নপত্র ফাঁস হবে না বলে জানান তিনি।
শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণাও দেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন, সারা দেশে মেয়েদের এসব সাইকেল বিতরণ করা হবে। দেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে বলেও জানান তিনি।
আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। শিশুদের নতুন পোশাক দেওয়া হবে, বৃত্তির টাকাও বাড়ানো হবে বলে জানান তিনি।
আগামী ২৪ ডিসেম্বর সব ক্লাসের পরীক্ষার ফলাফল দেওয়া হবে এবং একই দিনে পরবর্তী শ্রেণির নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, এবার তাদের ভবন দেওয়া হবে। ফলাফলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ভবন দেওয়া হবে, যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না, কোনো সুযোগ-সুবিধাও পাবে না।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার আহ্বায়ক রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মো. নাজমুল হক।
এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. সেলিম উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের আমলে সাদা কাগজ জমা দিলে জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেত, সেসব দিন আর নেই। তিনি বলেন, বিএনপির আমলে ভালোভাবে লেখাপড়া করলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, নইলে নয়। তিনি বলেন, এমন দিন আসবে, যখন আওয়ামী লীগের আমলে এভাবে জিপিএ-৫ এবং গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা কোনো চাকরি পাবে না, বিএনপির আমলে ভালোভাবে লেখাপড়া করা শিক্ষার্থীরাই চাকরি পাবে।
অনুষানটি ছিল নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন