বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

বিচ্ছেদের ঘোষণার পোস্ট এবার সরিয়ে নিলেন ন্যান্সি

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৬:১৮ পিএম

বিচ্ছেদের ঘোষণার পোস্ট এবার সরিয়ে নিলেন ন্যান্সি

স্বামীর সঙ্গে ন্যান্সি। ছবি: সংগৃহীত

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার এক রাত না পেরোতেই সেই পোস্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সির ফেসবুক পেজে। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি। তবে এ নিয়ে নতুন করে কোনো ব্যাখ্যা দেননি গায়িকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ন্যান্সির ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে, বিচ্ছেদের ঘোষণার পোস্টটি আর সেখানে নেই। ধারণা করা হচ্ছে, সকালেই তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি।

একই সকালে পেজে নতুন আরেকটি পোস্ট দিয়েছেন ন্যান্সি। বারান্দায় থাকা বাগানবিলাস গাছের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’ বিচ্ছেদের পোস্ট সরানোর পর এই নতুন পোস্ট ঘিরেও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগে বুধবার রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিচ্ছেদের ঘোষণা দেন ন্যান্সি। তিনি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে ওই পোস্টে গায়িকা অনুরোধ জানান, তারা যেন এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানান। নতুনভাবে এগিয়ে চলার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

অথচ মাত্র ১৫ দিন আগের ছবি ছিল সম্পূর্ণ ভিন্ন। ১০ নভেম্বর স্বামী মহসিন মেহেদীর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেছিলেন ন্যান্সি। ছবির ক্যাপশনেও ছিল ভালোবাসাময় কথা। সেই ছবির দুই সপ্তাহ না পেরোতেই বিচ্ছেদের ঘোষণা আসায় অনেকেই অবাক হয়েছিলেন। এবার ঘোষণার পোস্টটিই সরিয়ে নেওয়ায় অনুসারীদের মধ্যে নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

বুধবার রাতে ঘোষণাটি আসার পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী গায়িকার প্রতি সহমর্মিতা জানিয়ে বার্তা দেন। বৃহস্পতিবার সকালে পোস্টটি উধাও হয়ে যাওয়ার পর সেই আলোচনা আরও বেড়েছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ঘোষণা দেওয়ার পরদিনই পোস্ট সরিয়ে নেওয়ার কারণ কী। আবার কারও কারও মতে, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বাড়তি আলোচনা এড়াতেই হয়তো তিনি পোস্টটি সরিয়েছেন। তবে এগুলো অনুসারীদের নিজস্ব ধারণা মাত্র; গায়িকার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

২০২১ সালের আগস্টে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। ২০২২ সালের জুনে তাদের ঘরে আসে কন্যাসন্তান। পাঁচ বছরের এই সংসারের ইতি টানার ঘোষণা এসেছিল বুধবার রাতে।

এর আগেও দুটি সংসার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি; ওই সংসারে তার একমাত্র কন্যা রোদেলা এখন ন্যান্সির সঙ্গেই থাকেন এবং মায়ের মতোই গানের ভুবন বেছে নিয়েছেন। ২০১২ সালে ওই সংসার ভেঙে যায়। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। এই সংসারেও একটি কন্যার মা হন তিনি। ২০২১ সালে দ্বিতীয় সংসারে বিচ্ছেদের খবর দেন গায়িকা।

বিচ্ছেদের পোস্ট কেন সরানো হলো, সে বিষয়ে ন্যান্সির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।