বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

মানসিক চাপ কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৪৪ পিএম

মানসিক চাপ কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা

সাজেকের ভোর। ছবি: উইকিমিডিয়া কমন্স

মানসিক চাপ এখন দৈনন্দিন জীবনের প্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, অথচ এর প্রভাব শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কঠিন পরিস্থিতি থেকে তৈরি হওয়া দুশ্চিন্তা ও মানসিক টানই চাপ, আর অল্প চাপ কাজে সাহায্য করলেও অতিরিক্ত চাপ শরীর ও মনের ক্ষতি করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, চাপ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, যা চ্যালেঞ্জ ও হুমকির মুখে করণীয় খুঁজতে প্ররোচিত করে। প্রত্যেকেই কমবেশি চাপ অনুভব করেন, তবে চাপের প্রতি প্রতিক্রিয়াই সামগ্রিক সুস্থতার ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দেয়।

চাপ মন ও শরীর দুটোকেই নাড়া দেয়। অল্প চাপ ভালো, দৈনন্দিন কাজে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত চাপ শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়। চাপ সামলানো শিখলে চাপা পড়ার অনুভূতি কমে, মানসিক ও শারীরিক সুস্থতা ভালো থাকে।

চাপের সময় শান্ত থাকা কঠিন হয়ে যায়, সঙ্গে আসে উদ্বেগ ও খিটখিটে মেজাজ। মনোযোগ দিতে কষ্ট হয়, মাথাব্যথা বা শরীরের নানা ব্যথা দেখা দেয়, পেটের সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, কারও ক্ষুধা কমে যায়, কেউ আবার স্বাভাবিকের চেয়ে বেশি খেতে শুরু করেন।

দীর্ঘমেয়াদি চাপ আগের স্বাস্থ্য সমস্যাকে আরও খারাপ করে দিতে পারে, অ্যালকোহল, তামাক ও অন্যান্য নেশাজাত দ্রব্যের ব্যবহার বাড়িয়ে দিতে পারে।

চাপের পরিস্থিতি মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে বা বাড়িয়ে দিতে পারে, যার মধ্যে সবচেয়ে সাধারণ উদ্বেগ ও বিষণ্নতা, যেগুলোর জন্য স্বাস্থ্যসেবা দরকার হয়। চাপের লক্ষণ স্থায়ী হয়ে দৈনন্দিন কাজকর্ম, যেমন কর্মক্ষেত্র বা পড়াশোনা, ব্যাহত করতে শুরু করলে সেটিই মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।

মানসিক চাপের প্রতিক্রিয়া সবার এক রকম হয় না।

চাকরির সাক্ষাৎকার, স্কুলের পরীক্ষা, অবাস্তব কাজের চাপ, অনিশ্চিত চাকরি, পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব - এসব পরিস্থিতিতে চাপ অনুভব করা স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে পরিস্থিতি ভালো হলে বা মানসিকভাবে সামলাতে শিখলে চাপ কমে যায়। বড় অর্থনৈতিক সংকট, রোগের প্রাদুর্ভাব, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সামাজিক সহিংসতার সময় চাপ ব্যাপক আকার নেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপ ব্যবস্থাপনার নির্দেশিকা চাপ সামলানোর বাস্তব দক্ষতা শেখায়। প্রতিদিন কয়েক মিনিট অভ্যাসই যথেষ্ট, আর নির্দেশিকার কৌশলগুলো একা ব্যবহার করা যায়।

দৈনন্দিন রুটিন চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত খাবার, পরিবারের সঙ্গে সময়, ব্যায়াম, ঘরের কাজ ও বিনোদনের জন্য সময় ঠিক করে নিলে সময় ভালোভাবে ব্যবহার হয়, নিজের নিয়ন্ত্রণে থাকার অনুভূতি বাড়ে।

পর্যাপ্ত ঘুম শরীর ও মন দুটোর জন্যই জরুরি। ঘুম শরীরকে সারিয়ে তোলে, শান্ত করে, সতেজ করে, আর চাপের প্রভাব উল্টে দিতে সাহায্য করে। ভালো ঘুমের অভ্যাসের মধ্যে আছে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ওঠা, শোবার ঘর শান্ত, অন্ধকার, আরামদায়ক ও উপযুক্ত তাপমাত্রায় রাখা, ঘুমের আগে টেলিভিশন, কম্পিউটার ও মোবাইল ফোনের ব্যবহার কমানো, ঘুমের আগে ভারী খাবার, ক্যাফেইন ও অ্যালকোহল এড়ানো এবং দিনে শারীরিকভাবে সক্রিয় থাকা।

পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা ও বিশ্বস্ত কারও সঙ্গে নিজের উদ্বেগ ও অনুভূতি ভাগ করে নেওয়া মন ভালো রাখে, চাপ কম অনুভব হয়।

খাবার ও পানীয় স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। সুষম খাবার নিয়মিত বিরতিতে খাওয়া, যথেষ্ট তরল পান করা, আর সম্ভব হলে প্রচুর তাজা ফলমূল ও শাকসবজি খাওয়া ভালো। নিয়মিত ব্যায়ামও চাপ কমায়, হাঁটাসহ প্রতিদিনের ব্যায়াম ও আরও জোরালো ব্যায়াম - দুটোই এ ক্ষেত্রে কাজে আসে।

টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দেখার পেছনে অতিরিক্ত সময় কাটালে চাপ বাড়তে পারে। খবর দেখা চাপ বাড়িয়ে দিলে সেই সময় কমিয়ে আনা উচিত।

চাপ সামলাতে অসুবিধা হলে বিশ্বস্ত চিকিৎসক বা সমাজের বিশ্বস্ত কারও সাহায্য নেওয়া উচিত বলে সংস্থাটি জানিয়েছে। অধিকাংশ মানুষ চাপ ভালোভাবে সামলে নেন এবং স্বাভাবিক জীবন চালিয়ে যান বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।