বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ডুবল এক হাজার বিঘা আমন

কৃষি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ডুবল এক হাজার বিঘা আমন

পানিতে ডোবা আমনখেত। ছবি: পেক্সেলস

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বিলের মাঠে জলাবদ্ধতায় প্রায় এক হাজার বিঘা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। পাকা ধান কাটতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন ওই এলাকার কৃষকেরা। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না হলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বিলের মাঠ এলাকার এই চিত্র। ওই মাঠে প্রায় তিন হাজার সাতশ চৌত্রিশ বিঘা ধানি জমি রয়েছে, এর মধ্যে প্রায় এক হাজার বিঘা জমি পানিতে নিমজ্জিত।

গত সপ্তাহের বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় ধান কাটা বন্ধ হয়ে গেছে। পাকা ধানের গাছ পানির ওপর শুয়ে পড়েছে। ধান কাটার পর মসুর, মটর, খেসারি ও সরিষার বীজ বপনের যে প্রস্তুতি কৃষকেরা নিয়েছিলেন, তাও ব্যাহত হয়েছে।

পুরাতন কুষ্টিয়া গ্রামের কৃষক সাত্তার সেখ বলেন, এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। সারা মাঠের ধান পেকে সোনালি রং ধারণ করেছে। কিন্তু গত সপ্তাহের বৃষ্টিতে মাঠে পানি জমে থাকায় ধান কাটতে পারছেন না।

তিনি বলেন, ধানের গাছ পানির ওপর শুয়ে পড়েছে। প্রতিবছর এই সময়ে ধান কাটার পর মসুর, মটর, খেসারি ও সরিষার বীজ বপন করেন। এবারও প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু জলাবদ্ধতায় সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। অনেক টাকার বীজ নষ্ট হয়ে গেল।

কৃষক হাজি বজলু ফকিরের অভিযোগ, প্রতি বছরই বিলের মাঠে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়তে হয়। এবার মাঠের ফসল দেখে কৃষকদের মনে যে প্রশান্তি এসেছিল, তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এবার জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘ প্রায় ত্রিশ বছর ধরে এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছরই আমন ধান কাটার মৌসুমে পানি জমে থাকায় ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির মুখে পড়তে হয় তাদের।

কৃষকদের দাবি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জমির উপরিভাগের উচ্চতা নির্ণয় করে পানি নিষ্কাশনের উপযুক্ত স্থান চিহ্নিত করতে হবে। এরপর প্রয়োজনীয় চেম্বার নির্মাণ এবং ভূগর্ভস্থ নিষ্কাশন চ্যানেল স্থাপনের মাধ্যমে সমস্যার স্থায়ী ও টেকসই সমাধান করতে হবে। তবেই তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

হরিপুর ইউনিয়নের সবচেয়ে বড় ধান আবাদি এই মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কথা স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদও। তিনি বলেন, ড্রেনেজ খাল, কালভার্ট ভরাট করে অবৈধ দখলদারিত্ব, নিয়ম না মেনে পরিষদের নির্দেশনা ভেঙে কিছু অসাধু লোকজন যত্রতত্র অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ করাই এই সমস্যার কারণ।

তিনি আরও বলেন, সমস্যার স্থায়ী সমাধান করতে হলে সকলের সমন্বিত সদিচ্ছা এবং সরকারিভাবে বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভোগান্তি দূর করতে হবে।

কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসের শালদাহ-পুরাতন কুষ্টিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাম্মী আক্তার মিলি জানান, তার দায়িত্বাধীন ব্লকে প্রায় তিনশ পঁচাত্তর হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে সাড়ে তিনশ পঞ্চাশ হেক্টরের বেশি জমিতে বছরে তিনবার ধান চাষ করা হয়।

তিনি জানান, চলতি আমন মৌসুমে প্রায় এক হাজার বিঘা জমিতে (একশ দশমিক তিন তিন হেক্টর) পানি জমে থাকায় কৃষকেরা সমস্যায় পড়েছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন বলেন, অসময়ের বৃষ্টিতে চলতি আমন মৌসুমে কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে মাঠের পাকা ধান কাটায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রে এটা সাময়িক। তবে যেসব মাঠে দীর্ঘ সময়ের জলাবদ্ধতা রয়েছে, সেখানে স্থায়ী নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে উপজেলা প্রশাসনকে।

দীর্ঘ ত্রিশ বছর ধরে চলে আসা জলাবদ্ধতা সমস্যার বিষয়ে কৃষকদের অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি শুনেছেন। আগামী দুই এক দিনের মধ্যে সরেজমিনে ওই এলাকা পরিদর্শনে যাবেন।

তিনি বলেন, সেখানে কৃষকদের কী সমস্যা এবং তাদের কী দাবি, তা সরাসরি শুনবেন। এরপর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।